ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ রেফারি ইসমাইল এলফাত। এই হাইভোল্টেজ ম্যাচটি আগামী ১৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এলফাতের সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকবেন তারই স্বদেশী কোরি পার্কার ও কাইল অ্যাটকিনস।
মরক্কোয় জন্ম নেওয়া এলফাত, যিনি বর্তমানে টেক্সাসে বসবাস করেন, এবারের আসরে তিনটি ম্যাচ পরিচালনা করেছেন। গ্রুপ পর্বে তিনি নেদারল্যান্ডস বনাম জাপান এবং উরুগুয়ে বনাম স্পেন ম্যাচের প্রধান রেফারি ছিলেন। এছাড়াও, শেষ ষোলোতে ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচেও বাঁশি ছিল তার হাতে।
এলফাতের রেফারিং ক্যারিয়ার
ইসমাইল এলফাত ২০১২ সাল থেকে মেজর লিগ সকারে (এমএলএস) ম্যাচ পরিচালনা করে আসছেন। এমএলএস কাপ ফাইনাল এবং কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালসহ অনেক বড় ম্যাচে রেফারির দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। তিনি এমএলএসে দু’বার বর্ষসেরা রেফারির পুরস্কার জিতেছেন।
২০১৬ সালে এলফাত ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় স্থান পান। ২০২২ সালের কাতার বিশ্বকাপে তার অভিষেক হয়, যেখানে তিনি আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার ফাইনালে চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেন। এই ম্যাচে আর্জেন্টিনা টাইব্রেকারে জয়লাভ করে বিশ্বকাপ জেতে।
চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচে রেফারিদের দায়িত্ব নিয়ে বিতর্ক দেখা গেছে। শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে হেরে যাওয়া ম্যাচে মিশর রেফারি নিয়ে অভিযোগ তুলেছিল। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে সুইজারল্যান্ডও রেফারি নিয়ে প্রশ্ন তোলে।
মেসির জন্য ‘পয়া’ রেফারি
অনেক অনলাইন মাধ্যমের পরিসংখ্যান অনুযায়ী, রেফারি বা ফোর্থ অফিশিয়াল—যেকোনো ভূমিকাতেই এলফাত মাঠে থাকলে লিওনেল মেসির দল জয়ী হয়েছে। এমন ঘটনা মোট পাঁচবার ঘটেছে। এই কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে এলফাতকে মেসির জন্য ‘পয়া’ রেফারি হিসেবে উল্লেখ করা হচ্ছে।
২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার ৩-৩ ড্রয়ের পর টাইব্রেকারে বিশ্বজয়ের রাতে এলফাত চতুর্থ অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০২৩ সালে মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর, লিগস কাপের ফাইনালে ন্যাশভিল এসসিকে টাইব্রেকারে হারিয়ে মায়ামির হয়ে প্রথম ট্রফি জেতেন। সেই ম্যাচের মূল রেফারিও ছিলেন এলফাত।
ইংলিশ সমর্থকেরা এলফাতকে রেফারি হিসেবে নিয়োগ দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের একাংশের দাবি, মেসিকে আরও একটি বিশ্বকাপ জেতাতেই এমন রেফারি নিয়োগ দেওয়া হয়েছে। সেমিফাইনালের এই ম্যাচের জয়ী দল আগামী সোমবার রাত ১টায় নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে স্পেনের মুখোমুখি হবে।
ফিফা ঘোষিত রেফারিদের তালিকায় চতুর্থ রেফারি হিসেবে ইতালির মাউরিজিও মারিয়ানি এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে দানিয়েলে বিনদোনি দায়িত্ব পালন করবেন।

আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার এই সেমিফাইনাল ম্যাচটি বাংলাদেশ সময় বুধবার রাত ১টায় শুরু হবে।
Source: bangla.thedailystar.net
