ইংল্যান্ড বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পানামাকে ২-০ গোলে পরাজিত করে গ্রুপ ‘এল’ এর চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে নিজেদের স্থান নিশ্চিত করেছে। প্রথমার্ধে কোনো গোল না হলেও, দ্বিতীয়ার্ধে টমাস টুখেলের দল দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জয় ছিনিয়ে নেয়। নিউ জার্সিতে অনুষ্ঠিত এই ম্যাচে জুড বেলিংহ্যাম গোল করে এবং করিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এই জয়ের ফলে ইংল্যান্ড তিন ম্যাচে দুটি জয় ও একটি ড্র নিয়ে মোট ৭ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপসেরা হয়। অন্যদিকে, পানামা তাদের তিনটি ম্যাচেই পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। পানামা গত ১৬ বছরের মধ্যে প্রথম দল যারা বিশ্বকাপে কোনো গোল করতে ব্যর্থ হয়েছে।
দ্বিতীয়ার্ধে গোলের ধারা
ম্যাচের প্রথমার্ধে ইংল্যান্ড ৭২ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ৯টি শট নিলেও, মাত্র দুটি লক্ষ্যে রাখতে সক্ষম হয় এবং কোনো গোল করতে পারেনি। মার্কাস রাশফোর্ড ও বুকায়ো সাকা উভয়ই গোলের সুযোগ তৈরি করলেও পানামার গোলরক্ষক মসকেরা তাদের প্রচেষ্টা ব্যর্থ করে দেন। প্রথমার্ধের যোগ করা সময়ে হ্যারি কেইনকে ফাউল করার পর পাওয়া ফ্রি-কিকও কাজে লাগাতে পারেনি ইংল্যান্ড।
দ্বিতীয়ার্ধে ইংল্যান্ড আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। বুকায়ো সাকার কর্নার থেকে আসা বলে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম ৬২তম মিনিটে ভলিতে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন। এটি বোলিংহ্যামের ৫১ ম্যাচে অষ্টম গোল, যার মধ্যে পাঁচটি বড় টুর্নামেন্টে (তিনটি বিশ্বকাপে এবং দুটি ইউরোতে) এসেছে। এই বিশ্বকাপে এটি তার দ্বিতীয় গোল।

এরপর ৬৭তম মিনিটে বোলিংহ্যামের নিখুঁত ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। এই গোলের মাধ্যমে কেইন বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নতুন ইতিহাস গড়েন, তার মোট গোলসংখ্যা এখন ১১টি। তিনি কিংবদন্তি গ্যারি লিনেকারকে ছাড়িয়ে গেছেন, যার ১০টি গোল ছিল। এই বিশ্বকাপে কেইনের এটি তৃতীয় গোল।
রেকর্ড ও পরবর্তী ধাপ
জুড বেলিংহ্যাম গোল ও অ্যাসিস্ট করে ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপের ম্যাচে এই রেকর্ড গড়েন। বোলিংহ্যামের বয়স ২২ বছর ৩৬৩ দিন। ইংল্যান্ডের কোচ ম্যাচের শেষ দিকে দুই গোলদাতা কেইন এবং বোলিংহ্যামকে তুলে নেন। রাশফোর্ড ব্যবধান বাড়ানোর একটি ভালো সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি।
একই সময়ে অনুষ্ঠিত গ্রুপ ‘এল’ এর অন্য ম্যাচে ক্রোয়েশিয়া ২-১ গোলে ঘানাকে পরাজিত করে ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে নকআউট পর্বে উঠেছে। ঘানা ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান অর্জন করলেও, সেরা আটটি তৃতীয় স্থানাধিকারী দলের একটি হিসেবে তারাও পরের ধাপে পৌঁছেছে। ইংল্যান্ডের শেষ বত্রিশের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।
Source: bangla.bdnews24.com
